শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

তিন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক : উচ্চ বেতন ও নানাবিধ সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বা ঝুঁকিপূর্ণ কাজে ৩০ জন বাংলাদেশি যুবককে পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর জামানতও বাজেয়াপ্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয় মন্ত্রণালয়।

লাইসেন্স বাতিল হওয়া এজেন্সি তিনটি হলো— আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।

ভুক্তভোগী যুবকদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলে জোর তৎপরতা শুরু হয়েছে। মন্ত্রী আরিফুল হক চৌধুরী মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে ফোন করে ভুক্তভোগীদের সার্বিক সুরক্ষা ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলে প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা বা ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার জন্য আমাদের সম্ভাবনাময় বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে পারে না। ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে তদারকি আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে টাকা লেনদেন বা বিদেশে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, সংশ্লিষ্ট এজেন্সির বৈধতা এবং কাজের শর্তাবলি মন্ত্রণালয় বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে যাচাই করে নেওয়ার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে।