নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
জানা গেছে, দুপুরে ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজারে পৌঁছান হাকান ফিদান। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
প্রথমে তারা উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান।
সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন।
পরবর্তীতে ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন হাকান ফিদান। এসব ক্যাম্পে অবস্থিত তুরস্কের নির্মিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান, এপিবিএন ও র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।