নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, যেখানে রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে।
শনিবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, চিকিৎসকরা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ। যার নাম হেমোরোজিক। ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে হতে পারে রক্তক্ষরণও। সুতরাং আগে থেকেই সচেতন হতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিনদিন পর মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়ে তিনি বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। পাশাপাশি, এ বিষয়ে অসহযোগিতা করলে আইন প্রয়োগ ছাড়া সরকারের বিকল্প কিছু করার থাকবে না বলেও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, আমাদের জরিপে এসেছে ডেঙ্গুর জন্য দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ।
এছাড়া ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ। জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।