নিজস্ব প্রতিবেদক : আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে এবং ১৫ জুন বিকেলে সম্পূরক বাজেট পাস হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শনিবার সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ১৬ জুন থেকে বাজেট আলোচনা শুরু হবে। সেদিন থেকে সকাল-বিকাল সংসদ অধিবেশন চলতে পারে। ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতেই হবে। এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বাজেটের গেজেট রাত ১২টার আগেই প্রকাশ করতে হবে।
নুরুল ইসলাম মনি বলেন, ৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে এ সরকার যাত্রা শুরু করেছে। কিন্তু সরকারের আন্তরিকতা এবং চুরি না করার কারণে দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি বজায় আছে। সভায় চুরি-দুর্নীতি বন্ধের বিষয়েও আলোচনা হয়েছে জানান তিনি।
চিফ হুইপ জানান, সংসদীয় দলের সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি এবং গত ১২০ দিনে সরকারের কার্যক্রম তুলে ধরা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন শিক্ষাব্যবস্থা চালুর নির্দেশনা দিয়েছেন, যা শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং প্রকৃত অর্থে শিক্ষিত করে তুলবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দেশে চাঁদাবাজি ও মাদকের কোনো স্থান হবে না। যে বা যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের লোক হলেও কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে একমত।
তিনি জানান, জুয়া বন্ধসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কার্যক্রম নেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচনী এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
সংবিধান সংশোধনের বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, সংবিধান যুগোপযোগী করা এবং মানুষের চাহিদা পূরণের জন্য সংশোধন প্রয়োজন। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের চেষ্টা চলছে। বিরোধী দলও এতে অংশ নেবে বলে আমরা বিশ্বাস করি।
মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, সংসদীয় পদ্ধতির সরকারে মন্ত্রীরা নানা কারণে পদত্যাগ করতে পারেন। দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানান তিনি।