মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২ জিলহজ, ১৪৪৭ হিজরি

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’। বাংলাদেশের গণমাধ্যমে চীন সম্পর্কিত বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।

এ উপলক্ষে রোববার রাজধানী ঢাকায় অবস্থিত আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে আয়োজক ও যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব এবং দেশের শীর্ষস্থানীয় ১০টি সাংবাদিক সংগঠন যৌথভাবে এই পুরস্কারের আয়োজন করছে।

আয়োজক সংগঠনগুলোর মধ্যে রয়েছে— জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিসিজেএ), টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি), অনলাইন এডিটরস অ্যালায়েন্স, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) ও ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)।

ঢাকাস্থ চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই অ্যাওয়ার্ডের সহ-আয়োজক হিসেবে থাকছে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি), ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, এই অওয়ার্ড প্লাটফর্মটি চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, পেশাগত যোগাযোগ এবং মৈত্রীর বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

তিনি আরও বলেন, একটা ভালো কাজ, ভালো সদিচ্ছা আমরা ভালো ফলাফল দেখতে সবার সহযোগিতা দরকার। আমি আশা করি চলতি বছরের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড সবার প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি ভালো ফলাফল পাবো।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ তার বক্তব্যে বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন ও সহযোগিতা দিন দিন বাড়ছে। এই অনন্য উদ্যোগটি সাংবাদিকদের আরও মানসম্মত কাজের জন্য উৎসাহিত করবে এবং চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।’

অনুষ্ঠানে আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই পুরস্কারের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক দিকগুলো আরও জোরালোভাবে গণমাধ্যমে উঠে আসবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মাইনুল হাসান সোহেল এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিসিজেএ) সভাপতি কামরুল হাসান দর্পণ, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সভাপতি এম আজিজুর রহমান, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি প্রতীক ইজাজ এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ।

সহ-আয়োজক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) ভাইস প্রেসিডেন্ট চু কুয়াংলেই, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট রেন ওয়াং, আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের মহাসচিব এইচ এম জাহাঙ্গীর আলম রানা এবং সিএমজি বাংলার সাংবাদিকবৃন্দ।

এ বছর মোট ৪টি প্রধান বিভাগে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাওয়ার্ডে প্রতিবেদন জমা দেওয়ার নিয়ম ও বিস্তারিত সময়সূচি শিগগিরই সিএমজি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হবে।