বুধবার, ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ জিলহজ, ১৪৪৭ হিজরি

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চোখে আলো ফিরে পেয়েছে ৮৪ জন পাহাড়ি-বাঙালি

এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি : চোখ কত অমূল্যবান সম্পদ তা হয়ত পৃথিবীতে যার দৃষ্টিশক্তি নেই সে বোঝে| সে দৃষ্টিহীনদের পাশে আলো হয়ে দাড়িঁয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল|পৃথিবীর আলো নতুন করে দেখতে পাচ্ছে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ৮৪ জন পাহাড়ি-বাঙালি নর-নারী| এখন দৃষ্টি শক্তি ফিরে পাওয়াদের দোয়া ও প্রশংসায় ভাসছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা| এর আগে দীঘিনালা সেনা জোনের সহযোগিতায় ৬৭ জন সফল অপারেশন শেষে বাড়ী ফিরেছেন| বর্তমানে তারা সুষ্ঠুভাবে পৃথিবীর আলো উপভোগ করছেন|
গেল ৭ মে থেকে ১২ মে পর্যন্ত ২৪ পদাতিক ডিভিশনের তত্বাবধানে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত এক হাজার পাহাড়ি-বাঙালি নর-নারীকে চিকিৎসা প্রদানের পাশাপাশি ১২৭ জনের চোখের ছানি অপারেশনের জন্য তালিকাভূক্ত ও শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়| পরবর্তী ধাপে চোখের অপারেশনের আগ্রহী ৮৪ জন পাহাড়ি-বাঙালি নর-নারীকে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়| এ ক্ষেত্রে মহালছড়ি সেনা জোন রোগিদের আসা-যাওয়া খাওয়াসহ যাবতীয় খরচ বহন করেন| চোখের আলো ফিরে পেয়ে তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞা জানিয়েছেন| অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন|
খাগড়াছড়ি পার্বত্য জেলার অনেক এলাকা দুর্গম হওয়ায় সেখানে চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া কঠিন| সেনাবাহিনীই দুর্গম এলাকায় একমাত্র ভরসা|
মহালছড়ি জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজিদ বলেন, মানবিকতা ও দায়িত্ব বোধ থেকে এ উদ্যোগ| চিকিৎসার পর রোগি ও তাদের স্বজনদের হাসিমুখ এটাই আমাদের সার্থকতা|