বুধবার, ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ জিলহজ, ১৪৪৭ হিজরি

নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যশোরে নানাকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার রাত ৯টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ইমামুল হোসেনের নাতনিকে একই এলাকার এক তরুণ উত্ত্যক্ত করতো।

এ নিয়ে স্থানীয় সিরাজুল ইসলাম, রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ কয়েকজনের সঙ্গে ইমামুল হোসেনের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার ওপর হামলা করে উল্লিখিত ব্যক্তিরা।

পরিবারের সদস্যরা ইমামুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহুল দেব ঘোষ পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।