বুধবার, ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ জিলহজ, ১৪৪৭ হিজরি

‘ব্যক্তি হিসেবে ভোটে লড়তে পারবেন আ.লীগের নেতাকর্মীরা’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় নেতাকর্মীরা ব্যক্তি হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে লড়তে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে। যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না।’

যে দলেরই হোক ব্যক্তিগতভাবে স্থানীয় নির্বাচনে অংশ নিলে কারো ক্ষেত্রে বাধা থাকবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদ-পদবী ব্যবহার করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই।’

তবে যে দলেরই হোক ব্যক্তিগতভাবে এই নির্বাচনে অংশ নিলে কারো ক্ষেত্রে বাধা থাকবে না বলে জানান তিনি।

এসময় ব্যারেজ নির্মাণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের মতো তিস্তা ব্যারেজ নির্মাণ করে পানি সংরক্ষণের জন্য প্রকল্প হাতে নেবে সরকার। ভারত থেকে বর্ষা মৌসুমে আসা পানি এই ব্যারেজের মাধ্যমে ধরে রেখে, শুষ্ক মৌসুমে তা ব্যবহার করার উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘তিস্তা এলাকায় যদি ব্যারেজ কিংবা রিজার্ভার নির্মাণ করা হয়, তাতে ২০ হাজার কোটি টাকার মতো খরচ হতে পারে। যেটি বাংলাদেশ সরকারই বহন করতে পারে। তবে এই প্রকল্পে অন্য কোনো দেশ সাহায্য করতে চাইলে, সে সুযোগও রাখা হবে।’

পুশইন নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশকে চাপে রাখার জন্য ভারত থেকে পুশইন হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী ইশতেহারে থাকার কারণে, তাদের সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এটি হচ্ছে। তবে শিগগিরই দু’দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হবে।’

প্রসঙ্গত, এর আগে গত ২ জুন সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে তথ্য দিয়েছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ওইদিন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছিলেন, বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।