টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে দুর্ঘটনাকবলিত ট্রাকে কভার্ডভ্যানের ধাক্কায় তিনজন হতাহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশনরোড এলাকার বিআরটি উড়াল সড়কে।
নিহত কভার্ডভ্যান চালক সাইফুল ইসলাম শাকিল (২৭) নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া গ্রামের মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে।
আহতরা হলেন-দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক রনি মিয়া (৩০) ও তার সহযোগী রুবেল (৩২)। তারা উভয়ই নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদেরপুর গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও কভার্ডভ্যান সরিয়ে নেয়।
পুলিশ জানায়, শনিবার গভীররাত ২টার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী দ্রুতগতির কন্টেইনারবাহী একটি ট্রাক (নং- চট্ট মেট্রো-ট-১১-৩০০৬) টঙ্গী স্টেশনরোডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়ালসড়ক দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ওই এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনের র্র্যাম্প দিয়ে নিচে নামার সময় সড়ক বিভাজকে উঠে আটকে যায়। এতে ট্রাকের চালক ও তার সহযোগী গুরুতর আহত হন। এরপরই দ্রুতগতির একটি কভার্ডভ্যান (নং-চট্ট মেট্রো-ড-১১-৩৬০০) সড়ক বিভাজকে আটকে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং কভার্ডভ্যানের চালক গাড়ির ভেতরেই আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসকর্মীরা ভোররাত ৪টার দিকে কভার্ডভ্যানের সামনে অংশ কেটে চালক সাইফুল ইসলাম শাকিলের লাশ উদ্ধার করে এবং এর আগে ট্রাকের চালক ও সহযোগীকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, হতাহতদের উদ্ধার করা হয়েছে। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত টঙ্গী ও কভার্ডভ্যান সরিয়ে নেয়া হয়েছে। এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।