রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭ জিলহজ, ১৪৪৭ হিজরি

কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতার তহবিল থেকে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয়ের কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতার তহবিল থেকে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এ কারণে ২০২২ সালের পর অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক তাদের প্রাপ্য সুবিধা পাননি বলেও জানান তিনি।

শনিবার (১৩ জুন) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এহসানুল হক মিলন বলেন, বর্তমানে বঞ্চিত প্রায় ৬৫ হাজার শিক্ষককে চলতি বছরের জুলাই মাসের শেষ থেকে ন্যূনতম ১ লাখ টাকা করে প্রদান শুরু হবে এবং পর্যায়ক্রমে সব বকেয়া পরিশোধ করা হবে।

তিনি জানান, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শিক্ষাকে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বর্তমানে ৫০ শতাংশ হারে দেওয়া উৎসব ভাতা ধাপে ধাপে শতভাগে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সিআইপি অমল পোদ্দার।