এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি : সীমান্তে পুশ ইন প্রতিরোধসহ আন্তর্জাতিক সীমান্ত প্রহরা, চোরাচালান প্রতিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন, অবৈধ অস্ত্র পাচার রোধসহ সীমান্ত এলাকায় সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবি দুটি অপারেশনাল বেস স্থাপন করেছে| এছাড়াও ব্যাটালিয়ন দুর্গম পাহাড়ি এলাকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে|
৩২ বিজিবি’র সূত্রে জানা গেছে,সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইন এর মাত্রা বৃদ্ধি পাওয়া এবং বিজিবির অপারেশনাল কার্যক্রমে অধিকতর গতিশীলতা আনয়ণের লক্ষ্যে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার মনোরমেরটিলা ও রিন্টুরজুম খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে দুইটি টেম্পরারী অপারেশনাল বেস স্থাপন করা হয়েছে| এ অপারেশনাল বেসসমূহ স্থাপনের ফলে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ এবং পার্বত্য অঞ্চলে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় বিজিবি আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে| এছাড়াও, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদ পাচার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে| একই সঙ্গে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উক্ত অপারেশনাল বেসসমূহ গুরুত্বপূর্ণ অবদান রাখবে| বিশেষ করে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ পুশইন প্রতিরোধ, সীমান্ত নজরদারি বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে মনোরমেরটিলা ও রিন্টুরজুম টিওবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা যায়|
অপারেশনাল বেস স্থাপনের বিষয়ে স্থানীয় কারবারি, হেডম্যান, জমির মালিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সকলের জন্য উপযোগী ও সুবিধাজনক স্থান নির্বাচন করতে স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে জমি বন্দোবস্তের প্রয়োজনীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে| তবে অভিযোগ রয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু স্বার্থান্বেষী মহল তাদের অবৈধ কার্যক্রম অব্যাহত রাখা এবং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষত ফেসবুক পেজে এ বিষয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে| একই সঙ্গে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে অপপ্রচার ও ভিত্তিহীন দোষারোপের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে| এ প্রেক্ষাপটে, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস যে কোন গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য সম্পর্কে সচেতন থাকা এবং যাচাই-বাছাই ছাড়া কোনো অপপ্রচারে বিশ্বাস না করার জন্য আহ্বান জানিয়েছেন|