নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের পান্তাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে সংবাদপত্র বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সংবাদপত্রবাহী ওই ট্রাকের চালক নিহত হন।
আহত হন আরো চারজন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ও মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থল থেকে সংবাদপত্রবাহী মিনি ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত চারজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।