সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ জিলহজ, ১৪৪৭ হিজরি

ঢামেক থেকে এভারকেয়ারে নেওয়া হলো ‘কাইল্লা পলাশ’কে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত একসময়ের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেছে পরিবারের লোকজন।

সোমবার (১৫ জুন) পলাশের একজন ঘনিষ্ঠ আত্মীয় বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ পলাশকে তার পরিবার উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতাল থেকে মধ্যরাতে অন্য হাসপাতালে নিয়ে গেছে।

গত শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে মক্কি মসজিদ গলির মুখের প্রধান সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত হন পলাশ।

পরে গুরুতর আহত অবস্থায় ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে ঢাকা ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলির অংশবিশেষ বের করেন।
অস্ত্রোপচারের পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের সদস্যদের দাবি, প্রায় ২৫ বছর কারাভোগের পর আনুমানিক দেড় মাস আগে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
মুক্তির পর তিনি বেশিরভাগ সময় বাসাতেই অবস্থান করতেন। এদিকে কারা সূত্রে জানা গেছে, মামলায় কাইল্লা পলাশের ৩০ বছরের কারাদণ্ড হয়েছিল। তবে কারাগারে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড ও ভালো আচরণের কারণে কারাবিধি অনুযায়ী ধাপে ধাপে সাজা হ্রাস পেয়ে প্রায় ২৫ বছর কারাভোগের পর তিনি মুক্তি লাভ করেন।