নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দীর্ঘদিনের যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনালের ডিপো রাজধানীর বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক তৃতীয় দফার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান ঢাকা মহানগরের দুই প্রশাসক।
বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। এই পরিস্থিতি মোকাবিলায় এসব টার্মিনালের বাস ডিপো পর্যায়ক্রমে রাজধানীর বাইরে বা উপযুক্ত প্রান্তিক স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।