শুক্রবার, ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে হানিট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর করে সর্বস্ব লুট, তিনজন গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে হানিট্র্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে সালেহীন মিয়া (২৮) ও টিটু মিয়া (২৮) নামে দুই যুবককে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া এবং মারধরের অভিযোগে সংঘবদ্ধচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া এলাকার রুহুল আমিনের ছেলে তারেক (১৯), একই এলাকার মৃত আতাউর রহমানের মেয়ে আফসানা আক্তার আখি (২৮) এবং তার বোন জান্নাতুল ফেরদৌস নদী (২৬)।

পুলিশ জানায়, ভুক্তভোগী সালেহীন মিয়া ও তার বন্ধু টিটু মিয়াকে টঙ্গীর বড়দেওড়া পুরান মসজিদ এলাকায় বসবাস করে ঢাকার আশুলিয়ার একটি ট্রেনিং সেন্টারে বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিচ্ছেন। গত মঙ্গলবার বিকেলে টিটুকে হানিট্র্যাপে ফেলে এক নারীর মাধ্যমে টঙ্গীর মুদাফা এলাকার কনসেপ্ট গার্মেন্ট কারখানা সংলগ্ন একটি ছয়তলা ভবনে নিয়ে যায়। পরে ওই ভবনের চতুর্থ তলায় তাকে আটকে রাখা হয়। পরে ওইদিন রাত ৯টায় সালেহীনকেও তার বন্ধু টিটুর মাধ্যমে ফোনে ডেকে ওই বাসায় নেয়। একপর্যায়ে তাদেরকে একটি কক্ষে জিম্মি করে বেদম মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৭ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদেরকে চোখ বেঁধে রাতভর নির্যাতন করা হয়। এসময় তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে স্বজনদের মোবাইল ফোনে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭৫ হাজার টাকা আদায় করে ওইচক্রটি। একপর্যায়ে বুধবার কৌশলে ছাড়া পেয়ে ভুক্তভোগীরা টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।
পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বুধবার ঘটনার সাথে জড়িত তারেককে গ্রেপ্তার করেন। পরে তারেকের দেয়া তথ্যমতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে বড়দেওড়া এলাকায় অভিযান চালিয়ে আফসানা ও নদীকে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।