নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, চেকপোস্ট বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানীর ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে মহানগরের সব প্রবেশপথে কঠোর তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হবে।
পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো। এর মধ্যে ডিবি (গোয়েন্দা শাখা) ও সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) সদস্যরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবেন।
ডিএমপি সূত্র আরও জানায়, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই থাকবে। নিরাপত্তা কার্যক্রমে ডিএমপির ১৮ হাজারেরও বেশি কর্মকর্তা ও সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
এদিকে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে চলতি বছরের জুন মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৩৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এসব অভিযানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির দাবি, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।