নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যহ্ন ভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার দুপুরে পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে এ মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।
মধ্যহ্ন ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
এরপর ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে মালয়েশিয়ার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ গানটি পরিবেশ করে।
দুই প্রধানমন্ত্রীসহ তাদের সহধর্মিনীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ভবন থেকে নেমে এলে প্রবেশ পথের দুই পাশে মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের শুভেচ্ছা জানান।
এরপর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থাকা গাড়ির সামনে এসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিনী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মোটরশোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরে শাংগ্রি লা হোটেলে যান। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকটি নির্ধারিত কর্মসূচি রয়েছে।