মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে সেনাবাহিনী উদ্যোগে দুর্গম এলাকায় শতাধিক পাহাড়ি পরিবারে বিশুদ্ধ পানির ব্যবস্থা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া এলাকার করুনা চাঁন বাঙ্গালে কার্বারীপাড়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে একটি গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি)।

সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে দীঘিনালা জোনের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থাপিত গভীর নলকূপ ও সাবমারসিবল মোটরের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার প্রায় ১০০টি পরিবারের ৩০০ থেকে ৩৫০ জন মানুষ বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরে পানির সংকটে ভোগা এলাকাবাসীর জন্য এটি স্বস্তির বার্তা হিসেবে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগী পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিশুদ্ধ পানির এ ব্যবস্থা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করবে। পাশাপাশি পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।