শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের তিন সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ প্রসীত গ্রুপের তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের আভিযানিক টহল দল|


বৃহস্পতিবার রাত ৩টার দিকে মাটিরাঙ্গার সিলকপাড়া থেকে তাদেরকে আটক করা হয়|


নিরাপত্তাবাহিনী সুত্রে জানা গেছে, সিলকপাড়া কর্ণ ত্রিপুরার বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের আভিযানিক দল সে বাড়িটি ঘেরাও করে| পরে সেখানে অভিযান চালিয়ে তিন ইউপিডিএফ সদস্যকে আটক করে নিরাপত্তাবাহিনী| এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি ও একটি খেলনা পিস্তল ও নানা সরঞ্জাম উদ্ধার করে নিরাপত্তা বাহিনী|


আটককৃতরা হলেন, গুইমারার হাফছড়ি ইউনিয়নের থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা ইউনিয়নের কলা পাড়ার সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭), মাটিরাঙ্গা ইউনিয়নের মানসি পাড়া দূর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)|
আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্রসহ মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন|
পার্বত্যাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|