রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ক্রীড়ার চেতনায় একসঙ্গে হাজারো মানুষ, ঢাকায় অলিম্পিক ডের বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে পালন করা হয়েছে অলিম্পিক ডে-২০২৬। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে ক্রীড়াবিদ, সংগঠক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

শনিবার (২৭ জুন) সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে র‍্যালির উদ্বোধন করেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ‘You Can Do This, Let’s Move’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডে মানুষকে আরও উৎসাহিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান অলিম্পিকের মূল মূল্যবোধ ‘এক্সেলেন্স’, ‘ফ্রেন্ডশিপ’ ও ‘রেসপেক্ট’ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার আহ্বান জানান তিনি।

সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া র‍্যালিটি এয়ারপোর্ট রোড ও স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য ক্রীড়া প্রদর্শনীর আয়োজন করা হয়। সমাপনী পর্বে সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, র‍্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাসহ সামরিক-বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মী মিলিয়ে ১ হাজার ৫০০ জনের বেশি মানুষ অংশ নেন।

ঢাকার কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের আরও সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র‍্যালি ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।