রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডিজিটাল সাংবাদিকতা ও এআই ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ডিজিটাল সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতায় সাংবাদিকদের দক্ষতা বাড়াতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) দুই দিনব্যাপী ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক’ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণটি আজ শনিবার পিআইবির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্য মারুফ কামাল খান। আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় দিনের কার্যক্রম চলবে।


প্রশিক্ষণে অংশ নেন ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)–ভুক্ত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও ডিজিটাল নিউজ পোর্টালে কর্মরত রিপোর্টার, সাংবাদিক, ফিচার লেখক, সম্পাদক, আলোকচিত্রী, ভিডিও সাংবাদিক এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতারা। প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন হিমাদ ফারুক।


আজ শনিবার সকাল ৯ টায় নিবন্ধন ও পরিচিতর মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর উদ্বোধনী অনুষ্ঠান এবং চা–বিরতির পর এআই টুলস পরিচিতি, গুগল ট্রেন্ডস, নোটবুক এলএম–এর ব্যবহার নিয়ে সেশন অনুষ্ঠিত হয় । একই দিনে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও কনটেন্ট তৈরি এবং এআই টুল বা অ্যাপ ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি, ক্যাপশন ও সারাংশ লেখা এবং সাংবাদিকতায় গুগল এআই স্টুডিওর ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব সেশনের প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা পোস্ট এর হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান।
দ্বিতীয় দিনের কার্যক্রমে গুরুত্ব পাবে ফ্যাক্টচেক। দিনের শুরুতে ফ্যাক্টচেকের মূলনীতি, প্রয়োজনীয়তা, ওপেন সোর্স ইন্টেলিজেন্স -এর প্রাথমিক ধারণা এবং ছবি ও ছবির মেটাডেটা যাচাই বিষয়ে প্রশিক্ষণ দেবেন ফ্যাক্টওয়াচ, ফ্যাক্টচেকার
রিদওয়ানুল ইসলাম । এরপর ভিডিও যাচাই, জিওলোকেশন ও ডিজিটাল আর্কাইভের ব্যবহার, তথ্য সুরক্ষা ও সাইবার সিকিউরিটি এবং ফ্যাক্টচেক ও সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে পৃথক সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে প্রশিক্ষক হিসেবে থাকবেন কারফুলিন শিশির ( সম্পাদক দ্য টেস্ট ) এবং ফারুক ওয়াসিফ ( মহাপরিচালক, পিআইবি )। বিকেলে মধ্যাহ্নভোজের পর প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রশিক্ষণের উদ্দেশ্য ডিজিটাল প্রযুক্তি, তথ্য যাচাই (ফ্যাক্টচেক), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং ডিজিটাল কনটেন্ট তৈরির দক্ষতা উন্নয়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের আরও কার্যকর, বিশ্বাসযোগ্য ও তথ্যনির্ভর সংবাদ উপস্থাপনে সক্ষম করে তোলা।
প্রত্যাশিত শিক্ষণফলের মধ্যে রয়েছে— আন্তর্জাতিকভাবে স্বীকৃত তথ্য যাচাইয়ের পদ্ধতি ও টুল ব্যবহারের সক্ষমতা অর্জন, ভুয়া বা পরিবর্তিত ছবি ও ভিডিও শনাক্ত করার দক্ষতা, গবেষণা, ট্রান্সক্রিপশন, অনুবাদ ও সম্পাদনায় এআই টুলের ব্যবহার, এআই-সমৃদ্ধ সংবাদ ও ফিচার রচনা, সাংবাদিকদের জন্য কার্যকর Verification Workflow তৈরি, সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিক দিক সম্পর্কে ধারণা লাভ এবং পাঠকসম্পৃক্ততা বাড়াতে কার্যকর ডিজিটাল কৌশল প্রয়োগের সক্ষমতা অর্জন।
ডিজিটাল মাধ্যমে তথ্যের দ্রুত বিস্তার ও ভুয়া তথ্য মোকাবিলার বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং তথ্য যাচাইভিত্তিক দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।