সোমবার, ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্ব রেকর্ড মেসির

স্পোর্টস ডেস্ক : বয়স যে তার কাছে নেহায়েতই একটি সংখ্যা, সেটি যেন বারবার প্রমাণ করার শপথ নিয়েছেন লিওনেল মেসি। জীবনের ৩৯তম বসন্তে পা দিয়েও সবুজ গালিচায় তার জাদুর কোনো কমতি নেই। জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগেই হাতছানি দিচ্ছিল এক মহাকাব্যিক রেকর্ড।

আর সেই সুযোগ একেবারেই হাতছাড়া করলেন না আর্জেন্টাইন জাদুকর। বল জালে জড়িয়েই গড়ে ফেললেন বিশ্বমঞ্চে টানা সাত ম্যাচে গোল করার এক অবিশ্বাস্য কীর্তি, ফুটবল ইতিহাসে যা আগে কখনও কেউ করে দেখাতে পারেনি।

এই অভাবনীয় মাইলফলক স্পর্শ করার পথে ফরাসি কিংবদন্তি জুস্ত ফঁতেন এবং ব্রাজিলের জাইরজিনিওকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে এই দুই ফুটবল গ্রেটের সাথে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ডে সমতায় ছিলেন মেসি। তবে জর্ডানের বিপক্ষে জালের দেখা পেয়ে সবাইকে ছাড়িয়ে এককভাবে নিজেকে নিয়ে গেলেন এক ধরাছোঁয়ার বাইরের উচ্চতায়।

চলতি সপ্তাহেই ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন এই মহাতারকা। আর এই বয়সে মাঠে নেমেই নাম লিখিয়েছেন দেশের আরেকটি অভিজাত তালিকায়। ১৯৫৮ সালের পর প্রথম কোনো ৩৯ বছর বয়সী ফুটবলার হিসেবে আলবিসেলেস্তেদের জার্সি গায়ে বিশ্বকাপ খেলার গৌরব অর্জন করলেন তিনি। তার আগে এই বিরল কীর্তি ছিল কেবল আঞ্জেল লাব্রুনার।

এদিকে, মাঠের লড়াইয়েও নিজেদের আধিপত্য ধরে রেখেছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে এখন পর্যন্ত ৩-১ ব্যবধানের লিড নিয়ে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।