সোমবার, ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আধিপত্য বিস্তারের জেরে ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর মাঝেতুমুল সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

আজ রোববার সকাল থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামের কালাম কাজীর বাড়িতে গত শুক্রবার মাদক বিরোধী মিটিং হয়, দ্বিতীয় মিটিং শনিবার হামিরদী ইউনিয়ন পরিষদে হয়। মাদকবিরোধী মিটিং নিয়ে দুই দল গ্রামবাসীর মাঝে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। একটি পক্ষ মনে করে মাদক কারবারীরা মিটিং করার নামে দল ভারী করছে, অন্যপক্ষ দাবি করে মাদক বিরোধী মিটিংয়ে কেন হাজির হলো?

সেই জের ধরে শনিবার সন্ধ্যায় মিটিং শেষে ছিরু মিয়া, কালাম কাজী, জাহিদ শেখ, মিরাজ মাতুব্বর ও বাকি মাতুব্বরদের লোকজন নিয়ে বিপক্ষ গ্রুপের (যারা মিটিং করেছে) খোকন মিয়া চেয়ারম্যান, মোকসেদ খালাসী, ইলিয়াস মাতুব্বর ও বাদল মাতুব্বরের গ্রুপের এক সমর্থক দেলোয়ারের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর ও তার বাড়ি ভাঙচুর করে।

এই ভাঙচুরের প্রতিশোধ নিতে খোকন চেয়ারম্যান, মোকসেদ খালাসী, ইলিয়াস মাতুব্বর ও বাদল মাতুব্বরদের পক্ষ নেন পার্শ্ববর্তী মানিকদহ ইউনিয়নের সুলতান মাতুব্বর ও মজিবর তালুকদার।

তারা রোববার সকালে পুখুরিয়া বাস স্ট্যান্ডে ছিরু মিয়া গংদের ধাওয়া করে। তখন শুরু হয় দুই গ্রুপের মাঝে ঘোষণা দিয়ে তাকবীর বলতে বলতে তুমুল সংঘর্ষ । তখন উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল সরকি টেটা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয় দলের কমপক্ষে ২০ আহত হয়েছেন। গুরুতর আহত আকতার মাতুব্বর, রিয়াদ মাতুব্বর ও মামুন মাতুব্বরকে বাংলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হামিরদি ইউনিয়নের চেয়ারম্যান খোকন মিয়া জানান, মাদক বিরোধী মিটিংয়ে যোগদান করায় দেলোয়ার মাতুব্বরের বাড়ি ভাঙচুর ও তাকে মারধর করেছে। এ নিয়ে সংঘর্ষ হয়েছে।

বিপক্ষ দলের ছিরু মিয়া জানান, মাদক বিরোধী মিটিংয়ের নামে মাদক কারবারীরা এক হয়েছে খোকন চেয়ারম্যানের নেতৃত্বে এজন্য সংঘর্ষ হয়।

এ ঘটনায় ভাংগা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়েই সংঘর্ষের ঘটনা ঘটেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় আমাদের পুলিশ কাজ করছে।