টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-টঙ্গীর পাগার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মনোয়ার হোসেন (২৮), একই এলাকার ঈদগাহ রোডের মৃত কাজী আবু ফজলের ছেলে কাজী তৌহিদুল সজীব (৩৫) ও কেরানীরটেক এলাকার মৃত বাবুল খাঁর ছেলে রনি খাঁ (৩৯)।
পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গীর পাগাড় ফকির মার্কেট এলাকায় ফাইজা বাটন এন্ড জিপার কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়া করে স্থানীয় নেতাকর্মী ও সন্ত্রাসীরা। এসময় ওই কারখানায় বিদেশি বায়ার উপস্থিত ছিলেন। মহড়ার ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র মহড়ায় অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।