বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার লোগাং ইউনিয়নের ব্যাঙ্গাপাড়া এলাকায় দুই পাহাড়ি সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনার পর সেনাবাহিনী অভিযান পরিচালনা করে একটি গোপন আস্তানা ধ্বংস করেছে। এ সময় ৫২ রাউন্ড এফসিসি (FCC) গোলাবারুদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গোয়েন্দা তথ্য ও নিজস্ব সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ক্যাম্প থেকে একটি সেনা টহল দল বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সেনাবাহিনীর টহল দল জঙ্গলের ভেতরে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা শনাক্ত করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরে আস্তানাটি তল্লাশি করে ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও কলসি, রান্নার পাতিল, ওষুধপত্র, এলআরপি তাবুসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
অভিযান শেষে সেনা সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।