সোমবার, ৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা ১১টার দিকে টঙ্গী মিরাশপাড়া নদীবন্দর এলাকায় তুরাগ নদে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নিহতদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- টঙ্গী পূর্ব আরিচপুর বৌবাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১১) এবং একই এলাকার আনিছুর রহমানের ছেলে শামীম মিয়া (১৩)। তারা উভয়েই টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

টঙ্গী ফায়ার সার্ভিসসূত্র জানায়, বেলা এগারোটার দিকে খেলাধুলা করে মিরাশপাড়া নদীবন্দর এলাকায় তুরাগ নদে গোসল করতে নামে তিন বন্ধু শামীম, আফনান ও শীপন। এসময় সাঁতার কাটতে গিয়ে আফনান ও শামীম তুরাগ নদের পানিতে তলিয়ে যায়। পরে শীপন দ্রুত তুরাগ নদ থেকে উঠে চিৎকার করে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে বারোটার দিকে দুই ছাত্রকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদেরকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদ থেকে দুই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে।

এব্যাপারে নদীবন্দর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।