খাগড়াছড়ি প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তারের জেরে খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক সংগঠনগুলোর সংঘর্ষে তিনজন নিহত হয়েছে|
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ির চেঙ্গী ইউনিয়নে মধুমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে| তবে নিহতরা কোন সংগঠনের কর্মী তা জানা যায়নি| এ সময় আরো দুইজনকে ধরে নিয়ে গেছে| বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ|
স্থানীয় সূত্রগুলো জানায়, টমটমে করে ৫ যুবক পানছড়ির দিকে যাচ্ছিল| এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা গুলি করলে তিনজন ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে অপর দুইজনকে ধরে নিয়ে যায়| অপর একটি সূত্র বলছে, নিহতরা সকলে জেএসএস সন্তু গ্রুপের কর্মী| দল ত্যাগ করায় তাদের গুলি করে হত্যা করা হয়|
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলি ঘটে| এসময় তিনজনে মৃত্যু হয়েছে| তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি| নিহতদের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছেন|
তবে এনিয়ে আঞ্চলিক সংগঠনগুলোর কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি|