নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চলতি জুলাই মাসের মধ্যে নির্বাচনী আচরণ বিধিমালা ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত হতে পারে।
মঙ্গলবার (৭ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া আমরা ওয়েবসাইটে প্রকাশ করে মতামত চেয়েছি। এ ছাড়া দলগুলোকে মতামত দেওয়ার জন্য চিঠি দিয়েছি। কয়েকটি দল মতামত জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত করে ফেলব।
এ ছাড়া নির্বাচন বিধিমালা নিয়েও কাজ হচ্ছে। এটাও জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত করা হতে পারে।’
ইসির তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৮৯টি ইউনিয়ন পরিষদের। ২০২১-২২ অর্থবছরে অনুষ্ঠিত হয়েছে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।
মামলা, সীমানা জটিলতাসহ নানা কারণে দীর্ঘদিন নির্বাচন হয়নি ১০৮টি ইউনিয়ন পরিষদের। দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছরেই নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৯৮১টি। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।
দেশের মোট ৩৩০টি পৌরসভার মধ্যে নির্বাচন উপযোগী ৩২০টি।
আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভা নির্বাচন উপযোগী নয়।
উপজেলা পরিষদের রোডম্যাপ থেকে জানা যায়, নতুন ৫টি উপজেলাসহ দেশে মোট উপজেলা ৫০০টি। কোনো উপজেলাতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলো নির্বাচন উপযোগী। নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলা ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলা ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।
নতুন সিটি করপোরেশন বগুড়াসহ ১৩টি সিটি করপোরেশনের কোনোটিতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলো নির্বাচন উপযোগী।