বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের হামলায় মিশরের সমর্থকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিশরের খেলা দেখা নিয়ে সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার জেরে কুমিল্লায় মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কান্তি দাস বলেন, মঙ্গলবার রাতে একটি চায়ের দোকানে আর্জেন্টিনা বনাম মিশরের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ওই ম্যাচে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি পেনাল্টি মিস করার পর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় বাবু ও মাইন উদ্দিন নামে দুজন শরিফুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুল ইসলামকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, নিহত শরিফুল পেশায় একজন মিশুকচালক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় গুরুতর অভ্যন্তরীণ আঘাতেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।