কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একটি মাদরাসার অস্থায়ী আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আরো হতাহতের আশংকা করা হচ্ছে। দূর্যোগকালিন অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে অনেক রোহিঙ্গা মাদরাসায় আশ্রয় নিয়েছিলেন।
বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা (আরআরআরসি) ড. মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, ভারি বৃষ্টিতে হঠাৎ পাহাড় ধসে মাদরাসাটি চাপা পড়ে। এতে এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ঠিক কতজন ওখানে চাপা পড়েছে তার নিশ্চিত না। ওই মাদরাসাটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র হওয়ায় অনেক রোহিঙ্গা এখানে ছিলেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫১ মিলিমিটার।
এর আগে মঙ্গলবার সকালে পাহাড় ধসে কক্সবাজার শহরের একজন, সোমবার পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন, কক্সবাজার শহর ও পেকুয়া একজন করে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বৃষ্টিতে পানিতে ডুবে এক রোহিঙ্গাসহ ২ শিশুর মৃত্যু হয়।
এ নিয়ে গত তিনদিনের কক্সবাজার জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে।