মুন্সীগঞ্জ প্রতিনিধি : ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট আকার ধারণ করছে। এ সংকট মোকাবিলায় পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তারা ব্যাপক বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে সবুজায়ন কর্মসূচিকে আরও সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।