টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুর্ধর্ষ চাপাতি কামাল (২৮) ও জাহিদ দেওয়ানকে (২৬) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে টঙ্গীর গাজীপুরা কাজী বাড়ি ও এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।
গ্রেফতারকৃত জাহিদ দেওয়ান টঙ্গীর এরশাদনগর ৩নং ব্লক এলাকার জয়নাল দেওয়ানের ছেলে ও অপর আসামি কামাল হোসেন ওরফে চাপাতি কামাল (২৮) গাজীপুরা কাজী বাড়ি এলাকার খলিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসপট্টি এলাকায় একটি ব্যাটারী চালিত অটো রিকসা থামিয়ে দেশীয় ধারালো অস্ত্রের মূখে ছিনতাই করে কামাল, জাহিদ, সোহাগসহ কয়েকজন ছিনতাইকারী। এই ঘটনার একাধিক ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে।
পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ বৃহস্পতিবার রাতভর গাজীপুরা কাজী বাড়ি ও এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই চিহ্নিত ও দুর্ধর্ষ ছিনতাইকারী চাপাতি কামল ও জাহিদ দেওয়ানকে গ্রেফতার করে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।