সোমবার, ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে পদ না পেয়ে মসজিদে তালা মেরে দেওয়ার হুমকি দিলেন বিএনপি সমর্থক

স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গী গুটিয়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ কমিটিতে পদ না পেয়ে মসজিদে তালা মেরে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে এক বিএনপির সমর্থকের বিরুদ্ধে।
অভিযুক্তের নাম এডভোকেট জালাল খান ওরফে সারোয়ার (৩৩)। এঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (৩জুলাই) রাতে গুটিয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদে নতুন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে পূর্বঘোষিত আহ্বায়ক কমিটির সভা চলছিল। এসময় এডভোকেট জালাল খান অবৈধভাবে মসজিদে অনুপ্রবেশ করে কমিটিতে (সভাপতি পদে) তার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং উপস্থিত মুরুব্বিদের গালমন্দ করেন। একপর্যায়ে তিনি সভা পরিচালনায় বাধা দেন এবং মসজিদের প্রয়োজনীয় নথিপত্র ছুড়ে ফেলে দেন এবং তাকে কমিটিতে না রাখলে মসজিদে তালা মেরে দেওয়ার হুমকি দেন। এঘটনার পর এলাকায় জনমনে আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। এদিকে নতুন মসজিদ কমিটি গঠনের প্রক্রিয়া ঝুলে থাকায় মসজিদের প্রশাসনিক কার্যক্রমেও তৈরি হয়েছে অচলাবস্থা । এঘটনায় শনিবার রাতে (১১জুলাই) টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এব্যাপারে যোগাযোগ করা হলে এডভোকেট জালাল খান ওরফে সারোয়ার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মসজিদে তালা মারার হুমকি দেইনি। একটি মহল গত ১৭ বছর যাবত মসজিদ কমিটির পদ দখল করে আছে, সামাজিকভাবে আয়-ব্যয়ের হিসাব চেয়েছিলাম। এছাড়াও আমি ৫২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় একটি মহল আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছে।

এব্যাপার টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।