বুধবার, ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ত্রুটি ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের প্রতিবাদে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তারা উত্তরা বিএনএস সেন্টারে সামনে অবস্থান নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিতের পাশাপাশি আট দফা দাবি জানিয়ে সরকারের কাছে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

​শিক্ষার্থীদের দাবি, এক ঘণ্টার মধ্যে তাদের উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা দিনব্যাপী এই মহাসড়ক পুরোপুরি অবরোধ করে রাখবেন।

এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশে সব ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

​আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা জনসাধারণের কোনো দুর্ভোগ সৃষ্টি করতে চান না।
বরং একটি মানবিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই তারা এই কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীদের ৮ দফা-
১. দায় স্বীকার: শিক্ষা মন্ত্রণালয়কে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।

২. গবেষণা বন্ধ: এইচএসসি-২০২৬ শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের বিতর্কিত পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা চালানো বন্ধ করতে হবে।

৩. পরীক্ষা স্থগিত: দেশজুড়ে পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত চলমান পরীক্ষা স্থগিত রাখতে হবে।

৪. ভুলের জন্য ক্ষমা প্রার্থনা: পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুলের জন্য সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে।

৫. ক্ষতিপূরণ: প্রশ্নপত্রে ত্রুটির কারণে বিজ্ঞান বিভাগের সব বোর্ডের পরীক্ষার্থীদের বাধ্যতামূলক ১৪ নম্বর দিতে হবে।

৬. শিক্ষার্থী-বান্ধব ব্যবস্থা: শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত করতে হবে।

৭. মানোন্নয়ন: গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্রের মান উন্নয়ন করতে হবে।

৮. প্রাথমিক গুরুত্ব: শিক্ষা ব্যবস্থার সংস্কারে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

​এদিকে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন থানা ও ট্রাফিক পুলিশ।

উত্তরা বিএনএস সেন্টারের সামনে দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হাসান বলেন, বেলা সোয়া ১১টার দিকে তারা এসে সেন্টারে সামনে অবস্থান নেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

​তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং অবস্থানকারীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন।