শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২ সফর, ১৪৪৮ হিজরি

‘খাগড়াছড়ির বন্যাদুর্গতদের জন্য আগামী সপ্তাহ থেকে খাদ্য সহায়তা কর্মসূচী চালু করবে সরকার’ 

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।  তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে খাদ্য সহায়তা চালু করা হবে।

বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউসে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। 

সভায় জেলার চলমান বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ত্রাণ কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দ্রুত ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

এসময় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেলানেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মো আনোয়ার সাদাতসহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।