শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২ সফর, ১৪৪৮ হিজরি

পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদযাপন করা হতো।

অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদ বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ ১২ আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত হয়।
২০২৫ সালে উভয় দিবস ১২ আগস্ট একত্রে উদযাপনকালে বর্ষাকাল হওয়ায় দিবসটি উপলক্ষ্যে আয়োজিত যুব র‍্যালি, যুব সমাবেশ এবং যুবমেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন।
জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুবমেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে।

এ অবস্থায়, মন্ত্রিসভা কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট তারিখে একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।