নিজস্ব প্রতিবেদক : ২০২৭ সালের হজে বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমাতে ব্যাকআপ আবাসন পূর্বের মতো ১ শতাংশে বহাল রাখার জন্য সৌদি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাৎকালে ধর্মমন্ত্রী এ অনুরোধ জানান।
জানা গেছে, ২০২৭ সালের হজে ব্যাকআপ আবাসন ২ শতাংশ নির্ধারণ করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। এতে হজ পালনের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ২০২৬ সালের হজের মতো এবারও বাংলাদেশের জন্য ১ শতাংশ ব্যাকআপ আবাসন বহাল রাখার আহ্বান জানান মন্ত্রী।
ধর্ম মন্ত্রণালয়ের এই অনুরোধের জবাবে সৌদি রাষ্ট্রদূত জানান, এ সংক্রান্ত একটি আধা-সরকারি পত্র (ডিএইচ) তিনি রোববার হাতে পেয়েছেন।
বিষয়টি গুরুত্ব দিয়ে সুপারিশসহ তিনি তা সৌদি সরকারের কাছে ইতিমধ্যে পাঠিয়েছেন।
সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত এ বছরের বাংলাদেশ অংশ থেকে হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় যেকোনো বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ ও সমন্বয়ের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
জানা যায়, সৌদি সরকারের কাছে পাঠানো ওই আধা-সরকারি পত্রে ব্যাকআপ আবাসনের পাশাপাশি ক্যাটারিং ব্যবস্থা ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ ‘ডি’-এর মূল্যমানের অনুরূপ সার্ভিস প্যাকেজ-৩ এর সেবামূল্য নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে।
বৈঠকে ধর্মমন্ত্রী এ বছরের সুন্দর হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখায় সৌদি রাষ্ট্রদূত ও সৌদি সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দুদেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে ধর্মমন্ত্রী গুলশানের সৌদি দূতাবাসে পৌঁছালে রাষ্ট্রদূত তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে দুদেশের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।