পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার রাত ২টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর একান্ত সচিব আবুবকর সরকারের পিতা। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার বিকেল ৩টায় পূবাইলের খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজিরের নেতৃত্বে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।