শনিবার, ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ সফর, ১৪৪৮ হিজরি

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শুক্রবার তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এর আগে ২৪ জুলাই সকালে নৌসদর দপ্তরে এসে পৌঁছালে নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। সেখানে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ‘ব্লু ওয়াটার নেভি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নৌ প্রধান। পাশাপাশি আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক শোনার ও রাডার সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে তিনি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই ২০২৬ তারিখে নতুন নৌবাহিনী প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।