মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ সফর, ১৪৪৮ হিজরি

সরকারের ইতিবাচক কাজের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও তুলে ধরুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিল-এর নেতারা।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের ভালো উদ্যোগগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হলে সাধারণ মানুষ সেসব কার্যক্রম সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সম্পাদকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।