শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

আরচ্যারীর হাত ধরেই বাংলাদেশ বিশ্বমঞ্চে বড় গৌরব অর্জন করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াবান্ধব ও আরচ্যারীর প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। আগামী দিনে আরচ্যারীর হাত ধরেই বাংলাদেশ বিশ্বমঞ্চে বড় গৌরব অর্জন করবে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীর ষ্টেশনরোডে আরচ্যারী ট্রেনিং একাডেমিতে চার দিনব্যাপী ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচ্যারী টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানে কথা তুলে ধরে বলেন, সামগ্রিক জীবনযাত্রায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে উদ্যোগ নিতে হবে।

আরচ্যারী ট্রনিং একাডেমির পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটি তুলে ধরে তিনি বলেন, স্থানীয় প্রশাসন, এলাকার সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে এই সমস্যার দ্রুত সমাধান করা হবে। বিষয়টি প্রধানমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়কে অবহিত করে ব্যক্তিগত উদ্যোগে এর প্রতিকার নিশ্চিত করবেন বলেন তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এশিয়া আরচ্যারীর প্রেসিডেন্ট কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সেক্রেটারি সৈয়দ তানভীর আহমেদ, যুগ্ম-সম্পাদক রুবেল হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মো. জিয়াউর আহমেদ ও টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক টুর্নামেন্টেটিতে খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল অফিসিয়ালসহ মোট ২৬টি দেশের ১১৪জন বিদেশি আরচ্যার অংশ নিলেও মূল প্রতিযোগিতায় লড়ছে ১৭টি দেশ। এবারের প্রতিযোগিতাটি শুধমাত্র রিকার্ভ ইন্ডিভিজুয়্যাল ও মিক্সড ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। আগামী ২রা আগস্ট এই আন্তর্জাতিক আয়োজনের সমাপ্তি ঘটবে।