শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে দুই শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নয় বছরের দুই শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও যৌন নিপীড়নের অভিযোগে ইব্রাহিম খলিল (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পশ্চিম থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে টঙ্গীর মুদাফা বিশারটেক এলাকার হাজী কালু মিয়া মহিলা মাদরাসায়।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম খলিল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ঘোষবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, হাজী কালু মিয়া মহিলা মাদরাসার শিক্ষক ইব্রাহিম খলিল প্রায়ই নাবালিকা শিশুদের উক্ত্যক্ত করতো। গত বুধবার প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে তার কক্ষে নিয়ে শ্লীলতাহানী করেন। বিষয়টি কাউকে না জানাতে ওই শিশুকে হুমকি দেন তিনি। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে একই শ্রেণির অপর এক ছাত্রীকে শ্লীলতাহানী ও যৌন নিপীড়ন করেন। পরে শিশুটি মাদরাসা ছুটি শেষে বাসায় গিয়ে অভিভাবককে বিষয়টি জানালে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শণ ও মাদরাসা ঘেরাও করে ভাংচুর চালায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ওই শিক্ষককে গ্রেপ্তার করেন। পরে শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতে পাঠায়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের শেষে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।