নিজস্ব প্রতিবেদক : সড়কে শৃঙ্খলার অভাবে রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে দেখা গেছে কুড়িল বিশ্বরোড থেকে এ জ্যাম সোজা বনানী-কাকলি পর্যন্ত ছাড়িয়ে গেছে।
অন্যদিকে মিরপুরের দিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত পৌঁছে গেছে।
এ সময় বিমানবন্দর সড়কের কুড়িল বিশ্বরোডে দেখা গেছে বাসগুলো বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠা-নামা করছে।
এ ছাড়া কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরের দিকে যাওয়ার ক্ষেত্রে যানবাহনগুলো সড়কে নিয়ম মেনে চলছে না।
ফলে কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দরের দিকে এবং কুড়িল ফ্লাইওভারের ওপরে জ্যাম দেখা না গেলেও পেছনে বনানী-কাকলি সড়ক এবং ইসিবি থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে তীব্র যানজট সৃষ্টি হয়।
তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বেসরকারি চাকরিজীবী সাইফুল আবেদিন বলেন, সরকার আসে সরকার যায় কেউ সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের জন্য কাজ করে না।
তিনি বলেন, বাসগুলো নিয়ম মেনে যাত্রী ওঠা নামা করলে পেছনে এত জ্যাম হয় না। আবার বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলো ডানদিকের লেন এবং যে গাড়িগুলো কুড়িল ফ্লাইওভারে ওঠবে তারা আগে থেকে বাম দিকের লেন ধরে চললে এই জ্যাম থাকে না।