মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০ সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে গাজীপুরের বাড়ীয়া ইউনিয়নে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার অনুষ্ঠিত এ অভিযানে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অভিযান চলাকালে তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান।
এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার, মশার লার্ভা ধ্বংস এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। আর চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ইউনিয়নজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।