মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০ সফর, ১৪৪৮ হিজরি

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন রাশেদুল হক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রাশেদুল হক। গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়।
পরে ৩০ জুলাই তিনি বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের (অতিরিক্ত সচিব) স্থলাভিষিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন।

রোববার দায়িত্ব গ্রহণের পর বোয়েসেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মোহাম্মদ রাশেদুল হক বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে নিরাপদ, বৈধ, স্বচ্ছ ও ব্যয়-সাশ্রয়ী বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে বোয়েসেলকে আরও আধুনিক, গতিশীল ও সেবাগ্রহীতাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করবেন।

তিনি বলেন, সরকারের নীতি ও অগ্রাধিকার অনুযায়ী বিদেশে অধিকসংখ্যক দক্ষ কর্মী পাঠানো, নতুন শ্রমবাজার সৃষ্টি, আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ এবং বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বোয়েসেলের দায়িত্ব কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। সরকারি উদ্যোগে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে দক্ষ জনশক্তি বিদেশে পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও শক্তিশালী করাও তার অগ্রাধিকার বলে জানান তিনি।

নতুন ব্যবস্থাপনা পরিচালক এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বিদেশে বাংলাদেশের মিশন, আন্তর্জাতিক অংশীদার ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে বোয়েসেলের কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বোয়েসেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদ, বৈধ ও তুলনামূলক স্বল্প ব্যয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি পাঠানাের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।