পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটিতে অতিরিক্ত মদপান করে মারামারির ঘটনায় রাশিয়ান নাগরিক কুদরিন সার্গেইয়ের (৫৬) মৃত্যু হয়েছে।
এসময় মেনচেভ (৫৩) নামে আরেক রাশিয়ান নাগরিক আহত হয়েছেন।
বর্তমানে পাবনার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাটের পাশে গ্রিনসিটির ৬ নম্বর বিল্ডিংয়ের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত সার্গেই রাশিয়া শহরের বাসিন্দা নিকোলাইয়ের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানির কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে গ্রিনসিটির ৬ নম্বর বিল্ডিংয়ের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে দুই রুশ নাগরিক একসঙ্গে মদপান করছিলেন।
প্রথমে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। পরে তাদের পাবনা এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কুদরিন সার্গেই মারা যান। আহত অপর রুশ নাগরিক এখনও আইসিইউতে চিকিৎসাধীন।
ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান আসাদ জানান, অতিরিক্ত মদপান করে মারামারির ঘটনায় কুদরিন সার্গেইয়ের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রাশিয়ান দূতাবাসের মাধ্যমে তার স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে, জানান ওসি।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কয়েক হাজার দেশি-বিদেশি কর্মী কাজ করছেন। তারা গ্রিনসিটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বসবাস করলেও দুই কর্মীর মধ্যে এ ধরনের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় প্রকল্প এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।