নিজস্ব প্রতিবেদক : কারা অধিদপ্তরের ইতিহাসে কারা কর্মকর্তা-স্টাফ কল্যাণে আরেকটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় উদ্যোগের সূচনা হয়েছে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার ক্যাম্পাসে কারা অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় একটি মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট প্রতিষ্ঠিত করেছেন।
সোমবার (৩ আগস্ট) এই মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কারা মহাপরিদর্শক। এ সময় অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ আরো অনেক কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এটি শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়, বরং কারা কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে একটি যুগান্তকারী পদক্ষেপ এবং ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অন্যান্য কারা কর্মকর্তা-কর্মচারীদের এমনি মন্তব্য।
এই মেডিকেল সেন্টারের মাধ্যমে কারা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দেশের বিভিন্ন কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসা কারা সদস্যরা চিকিৎসাসেবার প্যাথলজি সুবিধা পাবেন।
একজন কর্মকর্তা বা কর্মচারী নিজে, তার স্বামী বা স্ত্রী এবং সন্তানরা সম্পূর্ণ বিনামূল্যে প্যাথলজিক্যাল পরীক্ষার সুবিধা ভোগ করতে পারবেন। এ ছাড়া তাদের বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি সরকারি নির্ধারিত মূল্যের ৫০ শতাংশ ছাড়ে প্যাথলজিক্যাল সেবা গ্রহণ করতে পারবেন।
এক কারা কর্মকর্তা বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন। পৃথিবীতে ক্ষুধার পরই যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো চিকিৎসা। একজন অসুস্থ মানুষ যখন সহজে ও সম্মানজনকভাবে চিকিৎসাসেবা পান না, তখন সেই কষ্ট শুধু রোগীই নয়, তার পরিবারের সদস্যরাও গভীরভাবে অনুভব করেন। সেই বাস্তবতা বিবেচনায় কারা অধিদপ্তরের এই উদ্যোগ নিঃসন্দেহে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তি ও আশীর্বাদ হয়ে উঠবে।
স্টাফ কল্যাণে এমন মানবিক ও দূরদর্শী উদ্যোগ কারা অধিদপ্তরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।