মুক্তবাণী ডেস্ক : বয়স বৃদ্ধির সঙ্গে মানুষের মস্তিষ্কে কেন ‘এএলএস’ বা ‘হান্টিংটন’-এর মতো মারাত্মক স্নায়ুক্ষয়ী রোগের ঝুঁকি বাড়ে, তার একটি প্রধান কারণ উন্মোচন করেছেন বিজ্ঞানীরা। ‘ইপিএস৮’ নামের একটি বিশেষ প্রোটিনের অতিরিক্ত সক্রিয়তাই মস্তিষ্কে ক্ষতিকর প্রোটিন জমাট বাঁধতে সাহায্য করে এবং স্নায়ুকোষের আয়ু কমিয়ে দেয় বলে গবেষণায় উঠে এসেছে।
আন্তর্জাতিক সাময়িকী ‘নেচার এজিং’-এ প্রকাশিত এই গবেষণায় বিজ্ঞানীরা জানান, বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে ‘ইপিএস৮’ প্রোটিনের মাত্রা বাড়তে থাকে। গবেষণাগারে এই প্রোটিনের কার্যকারিতা কমিয়ে দেওয়ার পর দেখা গেছে, বিষাক্ত প্রোটিন জমাট বাঁধা বন্ধ হয়েছে এবং স্নায়ুর স্বাভাবিক কার্যকারিতা অক্ষুণ্ণ রয়েছে। ক্ষুদ্র কৃমির ওপর প্রাথমিক পরীক্ষা চালানোর পর মানব কোষেও একই মডেল প্রয়োগ করে সফল ফলাফল পাওয়া গেছে। গবেষকদের মতে, ‘ইপিএস৮’ প্রোটিনের মাত্রা কমানোর মাধ্যমে কোষের ক্ষতি রোধ করা সম্ভব।
বিজ্ঞানীরা আশা করছেন, এই আবিষ্কারটি স্নায়ুক্ষয়ী রোগ গবেষণার একটি বড় শূন্যস্থান পূরণ করবে। ভবিষ্যতে ‘ইপিএস৮’ প্রোটিনকে লক্ষ্য করে নতুন ওষুধ বা চিকিৎসাপদ্ধতি তৈরি করা গেলে এএলএস ও হান্টিংটনের মতো মারণরোগের অগ্রগতি থামানো বা প্রতিরোধ করা সহজ হতে পারে।