নিজস্ব প্রতিবেদক : রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে আজ আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে ‘জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন’ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।
পরে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করবেন।
তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করবেন।
পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।