শনিবার, ৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ সফর, ১৪৪৮ হিজরি

আয়ের সব রেকর্ড ভেঙে শীর্ষে রোনালদো, মেসি কত নম্বরে?

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো কেবল মাঠেই নয়, আয়ের জগতেও নিজের আধিপত্য আরও সুসংহত করেছেন। ৪১ বছর বয়সেও এই পর্তুগিজ স্ট্রাইকার বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার হিসেবে নিজের শীর্ষস্থান বজায় রেখেছেন।

ফোর্বস ম্যাগাজিনের সবশেষ জরিপ অনুযায়ী, গত ১২ মাসে তার আনুমানিক আয় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩,৫০০ কোটি টাকার বেশি)। আল-নাসরের এই মহাতারকা টানা চতুর্থ বছরের মতো বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন।

এই বিপুল আয়ের মাধ্যমে তিনি কিংবদন্তি গলফার টাইগার উডসের গড়া ঐতিহাসিক রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন। বর্তমানে রোনালদোর মোট নিট সম্পদের পরিমাণ প্রায় ১.২ বিলিয়ন ডলার।
আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা এই ফুটবল জাদুকর গত এক বছরে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছেন।

কেবল অর্থবিত্তেই নয়, মাঠের রেকর্ডেও তিনি অনন্য উচ্চতায় পৌঁছেছেন। ২০২৬ বিশ্বকাপে মেসি জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন এবং এককভাবে শীর্ষস্থান দখলের খুব কাছাকাছি রয়েছেন। বর্তমানে মেসির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.১ বিলিয়ন ডলারে।
রিয়াল মাদ্রিদের নতুন সেনসেশন কিলিয়ান এমবাপ্পে আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন। গত ১২ মাসে এই ফরাসি ফরোয়ার্ডের পকেটে ঢুকেছে ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। বেতন ছাড়াও বিজ্ঞাপন ও বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে তার এই আয়ের বড় অংশটি এসেছে। ফোর্বসের তথ্যমতে, স্পন্সরশিপের বাজারে এমবাপ্পে এখন অত্যন্ত প্রভাবশালী নাম। সম্প্রতি তিনি ফেয়ারমন্ট হোটেলস অ্যান্ড রিসোর্টস এবং স্বাস্থ্য বিষয়ক কোম্পানি অ্যালানের সাথে বড় অঙ্কের বাণিজ্যিক চুক্তি করেছেন, যেখানে তিনি একজন বিনিয়োগকারী হিসেবেও যুক্ত রয়েছেন।

তরুণ প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে আয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন নরওয়ে এবং ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। তালিকায় চতুর্থ স্থানে থাকা এই ২৫ বছর বয়সী স্ট্রাইকারের গত বছরের আয় ছিল ৮০ মিলিয়ন মার্কিন ডলার। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলে আসা হালান্ড বর্তমানে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের একজন হিসেবে নিজের বাজারদর ধরে রেখেছেন।

তালিকার শীর্ষ পাঁচের শেষ অবস্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সেরা পাঁচের মধ্যে একমাত্র ব্রাজিলিয়ান প্রতিনিধি হিসেবে তার গত ১২ মাসের আনুমানিক আয় ছিল ৬০ মিলিয়ন মার্কিন ডলার। রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি বিভিন্ন বিশ্বখ্যাত ব্র্যান্ডের সাথে স্পন্সরশিপ চুক্তির কারণে বাণিজ্যিকভাবেও ভিনিসিয়ুস এখন বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান নক্ষত্র।